ঘিওরে প্রতিপক্ষের হামলায় আহত ৫

মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোলধারা গ্রামে বাড়ির সীমানাসংক্রান্ত বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে শোলধারা গ্রামের ওমর কাজীর সঙ্গে প্রতিবেশী আবু সাঈদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাত নয়টার দিকে খোকন ১৫-২০ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ওমরের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে বাড়ির লোকজনকে মারধর করে। একপর্যায়ে ঘরের বেড়া ও এর ভেতরে থাকা আসবাপত্র ভাঙচুর করে। মারধরের কারণে অন্তত পাঁচজন আহত হয়েছে।