সময়ের মুখ

‘ঘুষির আঘাতকে আমার কিছুই মনে হয় না’

সুর কৃষ্ণ চাকমা
সুর কৃষ্ণ চাকমা

বক্সিং রিংয়ে জীবনের ছবি দেখতে পান সুর কৃষ্ণ চাকমা। রাঙামাটির জুরাইছড়ি থেকে উঠে আসা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই বক্সার সম্প্রতি ঢাকায় বাংলাদেশের প্রথম পেশাদার বক্সিংয়ে লাইটওয়েট শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রথম আলোকে ২৮ বছর বয়সী এই বক্সার বলেছেন তাঁর সংগ্রাম আর সাফল্যের কথা। সাক্ষাৎকার নিয়েছেন বদিউজ্জামান।

প্রশ্ন

প্রথম আলো: ঘরোয়া ক্রীড়াঙ্গনে ইদানীং আলোচনায় বক্সিং এবং সে আলোচনার মধ্যমণি আপনি। কেমন লাগছে?

সুর কৃষ্ণ চাকমা: এমন দিনেরই স্বপ্ন দেখেছি সব সময়। আমাকে নিয়ে উচ্ছ্বাস হবে। ফাইট জেতার পর জাতীয় সংগীত বাজবে, পতাকা উড়বে। শুরুতে বুঝিনি এত মানুষের ভালোবাসা পাব। চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই অনেক শুভেচ্ছাবার্তা পাচ্ছি। কদিন আগে ওয়াশিংটনপ্রবাসী একজন এসে শুভেচ্ছা জানালেন। বক্সিং ফেডারেশনে অচেনা মানুষও অভিনন্দন জানাতে আসছেন। ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকেও শুভেচ্ছা পাচ্ছি।

প্রশ্ন

প্রথম আলো: বক্সিংয়ে এলেন কীভাবে?

সুর কৃষ্ণ: বাড়ির পাশের মাঠে ছোটবেলা থেকে ফুটবল খেলতাম। বাবা জ্ঞান চাকমা খেলাপাগল মানুষ ছিলেন, ব্যাংকে চাকরি করতেন। তাঁকে দেখেছি ঢাকায় এসে ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার জিততে। আমিও চাইতাম বড় হয়ে বাবার মতো খেলোয়াড় হব। এরপর ২০০৭ সালে বিকেএসপিতে বক্সিংয়ে সুযোগ পেলাম।

প্রশ্ন

প্রথম আলো: বাংলাদেশে তো পেশাদার বক্সিংয়ের চর্চা ছিল না, আপনাকে দিয়ে যেটার শুরু। সুযোগটা কীভাবে এল?

সুর কৃষ্ণ: ২০১৪ সালে এসএ গেমসে সোনাজয়ী বক্সার রহিম ভাইকে (আবদুর রহিম) হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন হই। এরপর কমনওয়েলথ গেমসের দলে ডাক পাই। ২০১৫ সালে লন্ডন থেকে আসেন কিক-বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশি বংশোদ্ভূত আলী জ্যাকো। তিনি ফেডারেশনে ট্রায়ালের ব্যবস্থা করেন। শেষ পর্যন্ত আমি একাই সুযোগ পাই। জ্যাকো ভাই আমাকে লন্ডনে নিয়ে যান।

প্রশ্ন

প্রথম আলো: লন্ডনের অভিজ্ঞতা কেমন ছিল?

সুর কৃষ্ণ: সেখানকার বিখ্যাত পিকক জিমে ছয় মাস অনুশীলন করেছি। পেশাদার বক্সার হওয়ার ভিতটা তখনই মজবুত হয়। নামকরা অনেক বক্সার আসতেন সেখানে। সবাই বলতেন, আমি খুব দ্রুত ওপরে উঠতে পারব। কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরতে হয়েছিল।

প্রশ্ন

প্রথম আলো: লন্ডনে কোনো ফাইট করেছিলেন?

সুর কৃষ্ণ: আমার তখন লাইসেন্স ছিল না, তাই অংশ নিতে পারিনি। লাইসেন্স পেতে কমপক্ষে দুই বছরের ওয়ার্ক পারমিট লাগত। ব্রেক্সিট (যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ) নিয়ে ঝামেলা শুরু হওয়ায় সেটা আর হয়নি।

প্রশ্ন

প্রথম আলো: পরে কীভাবে লাইসেন্স পেলেন?

সুর কৃষ্ণ: লাইসেন্সের জন্য আলী জ্যাকোর সঙ্গে আবার যোগাযোগ করি। কিন্তু উনি ওই সময় অন্য কাজে ব্যস্ত ছিলেন। দেশে ফিরে কয়েকবার যোগাযোগ করলে বলেন, অপেক্ষা করো। আশা ছেড়ে দিয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। পরে তিনি ২০১৮ সালে আমাকে লাইসেন্স পেতে ভারতে পাঠান। হরিয়ানার একটা একাডেমিতে ছয় মাস অনুশীলন করি। সেখানে আমার প্রথম ফাইট হয় একটা খোলা মাঠের মধ্যে বসানো রিংয়ে। অন্য বক্সারদের সঙ্গে আমার ছবি দিয়ে পোস্টার করা হয়েছিল। দর্শকও হয়েছিল অনেক।

প্রশ্ন

প্রথম আলো: আপনার সাফল্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে কেমন সাড়া ফেলেছে?

সুর কৃষ্ণ: আমার কারণে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অনেকেই এখন বক্সিংয়ে আসতে অনুপ্রাণিত হচ্ছে। এটা আমার কাছে ভালো লাগার মতো একটা ব্যাপারই। ফুটবল, হকিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অনেকে জাতীয় দলের হয়ে খেলছে। কিন্তু বক্সিংয়ে আমিই প্রথম জাতীয় দল এবং পেশাদার জগতে খেলছি। আমি তাদের কাছ থেকে অনেক সমর্থন পাচ্ছি। দেশের হয়ে ভালো খেলার দায়বদ্ধতা তাতে আরও বেড়ে যাচ্ছে।

প্রশ্ন

প্রথম আলো: বক্সারদের তো উন্নত মানের খাবারদাবার প্রয়োজন। আপনার খাবারের মেনুতে কী থাকে?

সুর কৃষ্ণ: ফেডারেশনের ক্যাম্পে তিন বেলা যা খাই, সেটা দিয়ে ভালো বক্সার হওয়া সম্ভব নয়। হরিয়ানায় দেখেছি সব খাবারে তেল কম থাকত। বেশি থাকত পনির। দুধ ছিল খাঁটি। এখানে অতিরিক্ত মসলাযুক্ত খাবার দেওয়া হয়। বক্সিংয়ের সঙ্গে এগুলো যায় না। বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের অধীনে পেশাদার টুর্নামেন্টের ক্যাম্পে যখন ছিলাম, সেখানে অবশ্য যথেষ্ট উন্নত মানের খাবার ছিল।

প্রশ্ন

প্রথম আলো: পরিবারে এখন কে কে আছেন?

সুর কৃষ্ণ: মা এবং আমরা দুই ভাই। ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছে।

প্রশ্ন

প্রথম আলো: এত দূর আসতে নিশ্চয়ই পরিবার থেকে ভালো সমর্থন পেয়েছেন...

সুর কৃষ্ণ: আমার পরিবার আর্থিকভাবে তেমন সচ্ছল নয়। বাবা মারা যাওয়ার সময় আমার বয়স ছিল ১২ বছর। পরিবার সামলাতে মাকে হিমশিম খেতে দেখেছি। বিকেএসপির খরচ, পরিবারের খরচ সবকিছু মামারাই দিয়েছেন। ওনারা না থাকলে এত দূর আসতে পারতাম না।

প্রশ্ন

প্রথম আলো: এত খেলা থাকতে বক্সিংয়েই কেন এলেন?

সুর কৃষ্ণ: বক্সিংকে আমি জীবনের সঙ্গে তুলনা করি। ছোটবেলা থেকে যেভাবে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছি, তাতে প্রতিপক্ষের ঘুষির আঘাতকে আমার কিছুই মনে হয় না। বক্সিং রিংয়ে ঘুষি খেয়ে যেকোনো সময় পড়ে যেতে হয়। আবার উঠেও দাঁড়াতে হয়। আমাদের জীবনটাও তো এ রকমই।

প্রশ্ন

প্রথম আলো: বক্সিং নিয়ে কী স্বপ্ন দেখেন?

সুর কৃষ্ণ: পেশাদার বক্সিংয়ে এশিয়ান টাইটেল জিততে চাই। এসএ গেমসেও সোনা জেতার স্বপ্ন দেখি।