ঘূর্ণিঝড় 'মোরা': চট্টগ্রামে নিয়ন্ত্রণকক্ষ চালু

চট্টগ্রাম সিটি করপোরেশন ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় নগরের দামপাড়ায় নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে। দুটি ফোন নম্বরে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হচ্ছে ৬৩০৭৩৯ ও ৬৩৩৬৪৯। আজ সোমবার বিকেলে সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, উপকূলীয় এলাকা থেকে নগরবাসীকে নিরাপদে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। নগরের দামপাড়া ও সাগরিকায় উদ্ধারকারী সরঞ্জাম খননযন্ত্র (এক্সকাভেটর), অ্যাম্বুলেন্স, জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া বিশুদ্ধ পানি ও শুকনো খাবার মজুত করা হয়েছে।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবিলায় আশ্রয়কেন্দ্র ও যানবাহনসহ নানা ধরনের যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে।