কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ইয়াছিন আরাফাত (৭) নামের এক পথচারী শিশু নিহত হয়েছে৷ সে চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজার এলাকার আবদুল কাদেরের ছেলে৷ গত শনিবার রাতে এ ঘটনা ঘটে৷ পুলিশ বাসটিকে আটক করেছে৷
চিরিঙ্গা মহাসড়ক পুলিশের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বলেন, নানির সঙ্গে ফুফুর বাড়ি থেকে নিজ বাসায় ফেরার পথে মেরিনা পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস ইয়াছিন আরাফাতকে চাপা দেয়৷ পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন৷