
চট্টগ্রামে ভুয়া মালিক সাজিয়ে ভূমি ক্ষতিপূরণের ১ কোটি ৬২ লাখ টাকা তুলে নিয়েছিলেন এক ব্যক্তি। পাঁচ বছর আগে সেই ঘটনায় দুটি মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় জেলার সাবেক ভূমি হুকুম দখল কর্মকর্তা, ভুয়া জমির মালিকসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান বুধবার এ আদেশ দেন।
আসামিরা হলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক জেলা ভূমি হুকুম দখল কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা হিসেবে কর্মরত। ভূমি অধিগ্রহণ শাখার (এলএ) কানুনগো আবদুল কুদ্দুস, সার্ভেয়ার শহীদুল ইসলাম মুরাদ ও এস এম নাদিম, চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমতিপত্র পরিদর্শক মো. ইকবাল হোসেন চৌধুরী এবং জমির ভুয়া মালিক নগরের কোতোয়ালি পাথরঘাটার বাসিন্দা অজয় দাশ।
দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, আসামি শাহাদাত হোসেন ও ইকবাল হোসেনকে গত ৪ মার্চ অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। বুধবার অভিযোগপত্রটি গ্রহণের শুনানি ছিল। আদালত মামলার এজাহারে থাকা শাহাদাত ও ইকবাল হোসেনের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত সূত্র জানায়, সীতাকুণ্ডে একটি প্রতিষ্ঠানের কারখানা স্থাপনের জন্য সাহামামুদপুর মৌজার ২৫ দশমিক ৫৫ একর ভূমি অধিগ্রহণ করে এলএ শাখা।
অধিগ্রহণ করা ভূমির মালিকানার ভুয়া ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, ওয়ার্ড কাউন্সিলরের ভুয়া সনদ ও ভুয়া কাগজপত্র দেখিয়ে ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি অজয় দাশকে এলএ শাখা থেকে ১ কোটি ৬২ লাখ ৯৭ হাজার ১৫৭ টাকার দুটি চেক ইস্যু করা হয়। এর মধ্যে ১৩ দশমিক ৭১ একর ভূমির ক্ষতিপূরণের জন্য ৮৯ লাখ ৫৫ হাজার ৪৬৪ টাকা ও ১১ দশমিক ৮৪ একর ভূমির ক্ষতিপূরণের ৭২ লাখ ৬৩ হাজার ৬৯৩ টাকা দুটি চেক দেওয়া হয় অজয়কে।
দুটি চেকে অজয় ১ কোটি ৬২ লাখ ১৯ হাজার ১৫৭ টাকা জনতা ব্যাংক কোতোয়ালি শহীদ হোসেন সোহরাওয়ার্দী সড়ক শাখা থেকে তুলে নেন। এ ঘটনায় দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল আলম সরকার জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ অন্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৭ সালের ১৯ অক্টোবর মামলা করেন।