চট্টগ্রাম নগরের লালদীঘির পাড়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৩৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. বদরুদ্দোজা বাদী হয়ে এ মামলা করেন।
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের জন্য প্রার্থী বাছাই নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালান আনোয়ারা ও কর্ণফুলী থানা এলাকার বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের বিরুদ্ধে একতরফা প্রার্থী বাছাইয়ের অভিযোগ এনে এই ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হন।
কোতোয়ালি থানার এসআই কামরুন্নাহার লাইলী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, পুলিশের ওপর হামলা, কাজে বাধাদান, ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে।