চট্টগ্রামে আট বছরের শিশু ধর্ষণের শিকার

চট্টগ্রামে আট বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সকালে নগরের মোগলটুলী এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন৷
পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন সকালে শিশুটির মা-বাবা বাইরে কাজে যান। আর শিশুটিকে বাসায় রেখে তার ভািব বাইরে রান্না করতে যান। এ সুযোগে হাকিম ভান্ডারি (৫২) নামের এক প্রতিবেশী ঘরে ঢুকে শিশুটির মুখ বেঁধে ধর্ষণ করে। এরপরে তিনি পালিয়ে যান৷ পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
পুলিশ জানায়, শিশুটির বাবা রিকশাচালক ও মা গৃহকর্মী হিসেবে কাজ করেন। এ ঘটনায় সদরঘাট থানায় মামলা করেছেন শিশুটির মা। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. নাজির আলম জানান, ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।