নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের মাটি নালায় ফেলার অভিযোগে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড নামের একটি আবাসন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার এ অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নাজিয়া শিরিন প্রথম আলোকে জানান, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড নগরের চকবাজারের রসিক হাজারী লেন ও কাতালগঞ্জ এলাকায় দুটি ভবন নির্মাণ করছে। নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের মাটি ফেলা হচ্ছিল পাশের নালায়। তাই প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ করা না হয়, এ জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা দেওয়া হয়েছে।