
চট্টগ্রামে আলাদা বার্ন হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। সচেতন তরুণ প্রজন্ম নামের একটি সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনটির প্রধান সমন্বয়কারী মাহমদুর রহমান শাওনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান ও নাগরিক আন্দোলন নেতা বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রামে একটি বার্ন হাসপাতাল নির্মাণের কাজ গত দেড় দশকে বাস্তবায়িত হয়নি। জায়গার অভাব, অর্থসংকটসহ নানা অজুহাতে এ হাসপাতাল নির্মাণ সম্ভব হচ্ছে না। বর্তমানে এই বাণিজ্যিক রাজধানীতে অসংখ্য ছোট–বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ ছাড়া জনসংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। পাশাপাশি অগ্নিদুর্ঘটনা সাম্প্রতিক সময়ে তুলনামূলক অনেক বেড়েছে। অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীর চিকিৎসা প্রদানে বেগ পেতে হচ্ছে হাসপাতালে। প্রায়ই আশঙ্কাজনক রোগী ঢাকায় নেওয়ার পথে মারা যান। এমন অবস্থায় চট্টগ্রাম এবং আশপাশের জেলার সাধারণ মানুষ ও শিল্পসংশ্লিষ্ট কর্মজীবীদের অগ্নিকাণ্ডে চিকিৎসার জন্য অবিলম্বে সব জটিলতা নিরসন করে বিশেষায়িত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণের দাবি জানান বক্তারা।
শামশুজ্জোহা আজাদ পলাশের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সচেতন তরুণ প্রজন্মের যুগ্ম সমন্বয়কারী জাহিদ তানছির। এ সময় আরও বক্তব্য দেন নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, চকরিয়া সমিতির সাধারণ সম্পাদক মো. হামিদ হোসেন প্রমুখ।