চট্টগ্রামে ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার নগরের বাকলিয়া থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মনির আহম্মদ (২৬) ও মো. সুলতান আহম্মদ (২৬)। দুজনেরই বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।পুলিশ সূত্র জানায়, শুক্রবার বাকলিয়া থানার কালামিয়া বাজারের মোজাফফর সড়কের মৌলানা সাবের আহাম্মদ কলোনির একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মনির ও সুলতানের কাছে ২৩০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় গতকাল বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।