চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক ব্যক্তিকে খুনের দায়ে দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আসামিদের অনুপস্থিতিতে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন। আসামিরা পলাতক।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি হলেন মো. শহীদ ও হেশামউদ্দিন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, রায়ের আদেশে বিচারক দুজনকে মৃত্যুদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে খালাস দিয়েছেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।
২০১০ সালের ৮ মার্চ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মধ্যমবাইনজুড়ি এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মনসুর আহমেদ খান নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ছোট ভাই হারেছ খান বাদী হয়ে মামলা করেন। ২০১২ সালের ১০ এপ্রিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযোগপত্র জমা দেয়।