অবিলম্বে সব যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকরের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা।
চট্টগ্রামে ১৯৯৪ সালে গোলাম আযম প্রতিরোধ আন্দোলনের শহীদদের স্মরণে গতকাল শনিবার বিকেলে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ও গণ-শপথ অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
সংগঠনের নেতা-কর্মীরা গতকাল চট্টগ্রাম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শপথবাক্য পাঠ করা হয়। শপথে বলা হয়, ‘একজন যুদ্ধাপরাধী বেঁচে থাকতেও আমরা রাজপথ ছাড়ব না; আমৃত্যু শহীদজননীর প্রদর্শিত পথে অটল থাকব’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমন্বয়ক শওকত বাঙালি, জেলা নেতা মহিউদ্দিন সোহেল, সংস্কৃতিকর্মী অমিতাভ সেন, সাংবাদিক আহমেদ কুতুব, জেলা কমিটির নেতা অমিত নন্দী, সাব্বির হোসাইন, মঈদুল ইসলাম প্রমুখ।