চট্টগ্রামের বোয়ালখালীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নুরুল আমিন (৩৫) নামের এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, গত রাতে ছিনতাইয়ের ঘটনায় একজন মারা গেছেন। অটোরিকশা চালককে রাস্তায় থামিয়ে টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন নুরুল আমিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি পাশের পটিয়া উপজেলায়।