চট্টগ্রামে জলদস্যুতার অভিযোগে আটক ১১

বন্দরের বহির্নোঙরে অভিযান চালিয়ে জলদস্যুতা চেষ্টার অভিযোগে ১১ জনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার ভোরে বহির্নোঙরে এই অভিযানের সময় তিনটি নৌকা ও বিপুল পরিমাণ মাছও আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন: নুরুল আফছার (২৬), নূর আহম্মদ (২৩), দিদারুল ইসলাম (২৫), মো. শাহনেওয়াজ (২৪), বেলাল হোসেন (২৫), জুবায়ের হোসেন (২৫), মো. মঈন (২৬), ছোহরাব মিয়া (২৩), বিলাল মাঝি (৪৫), নাছির হাওলাদার (২৬) ও আবদুল জলিল (২৫)। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গভীর রাতে কোস্টগার্ডের একটি দল বহির্নোঙরে টহল দিচ্ছিল। এ সময় কয়েকটি নৌকা সন্দেহজনকভাবে এ ও বি অ্যাংকারেজ এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে তিনটি নৌকা আটক করে তা থেকে ১১ জনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে ধারালো অস্ত্র, জাল ও বিপুল পরিমাণ মাছ উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে কর্ণফুলী ও পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।