চট্টগ্রাম স্টেশনে টিকিটের কালোবাজারি করার সময় আরেক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় রেলের কর্মীরা ২৬ আসনের ১৭টি টিকিটসহ তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া কালোবাজারির নাম নুরুল আমিন (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরের দিকে রেল ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের চট্টগ্রাম স্টেশন আকস্মিক পরিদর্শন করেন। মন্ত্রীর আগমনের আগেই চট্টগ্রাম স্টেশনে টিকিটের কালোবাজারি করছিলেন নুরুল আমিন। রেলকর্মীরা তাঁকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন।