চট্টগ্রামে দুর্ঘটনায় হকার নিহত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কামাল বাজার এলাকায় হিউম্যান হলারের ধাক্কায় একজন ভ্রাম্যমাণ বিক্রেতা (হকার) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মকবুল আহমেদ। তাঁর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। তিনি নগরের কাজির হাট এলাকায় থাকতেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কবির বলেন, মকবুল আহমেদ ভ্যানে করে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করতেন। বৃহস্পতিবার সকালে রাস্তায় দাঁড়ানো অবস্থায় একটি গাড়ি তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত মকবুলকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার জন্য দায়ী চালক ও গাড়িটি আটক করা হয়েছে।