২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে গেজেট আকারে প্রকাশের দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নেতারা।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সমস্যা। গাড়ির মালিক, চালক ও সাধারণ জনগণসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে গেজেট আকারে প্রকাশে সহযোগিতা করার আশ্বাস দেন। সংগঠনের সভাপতি সফিক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এস আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কর্ণফুলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক হায়দার আলী, এম এ হাশেম, এম মাহবুবুল আলম, হুমায়ুন কবির, মোরশেদুল ইসলাম প্রমুখ।