চট্টগ্রামে বাণিজ্য মেলায় স্টল বসানো নিয়ে বিরোধে যুবককে হত্যা: পুলিশ

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

চট্টগ্রামে ছুরিকাঘাতে মোহাম্মদ মহিউদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে নগরীর কোতোয়ালি থানার কাজীর দেউড়ি ২ নম্বর গলি এলাকায় এ ঘটনা ঘটে। পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্য মেলায় স্টল বসানোর বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আত্মীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নগরীর চান্দগাঁও এলাকার বাসিন্দা মহিউদ্দিন পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্য মেলায় কাপড়ের স্টল দিয়েছেন। ঢাকা থেকে ফিরে তিনি দামপাড়া আসেন। পরে কাজীর দেউড়ি ২ নম্বর গলি এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন মহিউদ্দিন। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু মোবারক।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অটোরিকশা থেকে নামার পর আবু আহমেদ ওরফে পিস্তল বাবু নামের একজন তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে এ দুজনের গতি রোধ করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে মহিউদ্দিনকে ছুরিকাঘাত করেন পিস্তল বাবু। এ সময় মহিউদ্দিনের বন্ধু মোবারকও জখম হন।

পরে গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মোবারক চিকিৎসাধীন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, পিস্তল বাবুর সঙ্গে মহিউদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করেন পিস্তল বাবু। পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্য মেলায় স্টল বসানোকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ ছিল।

ওসি জাহিদুল কবির আরও জানান, বাকিদেরও শনাক্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।