চট্টগ্রাম নগরের হালিশহর বড়পোল এলাকায় রিকশাযাত্রী এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের শিকার ওই ব্যবসায়ীর নাম সাদেক হোসেন। তিনি পোর্ট কানেকটিং রোডের ডাচ্-বাংলা ব্যাংক থেকে নগদ পাঁচ লাখ টাকা তুলে রিকশাযোগে হালিশহর এলাকার এনসিসি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় বড়পোল এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁর রিকশার গতিরোধ করে। একপর্যায়ে অটোরিকশা-আরোহী তিন ছিনতাইকারী অস্ত্রের মুখে সাদেকের টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।