চট্টগ্রামে মাঠ রক্ষার দাবিতে আজ সিটি করপোরেশন ঘেরাও

চট্টগ্রাম নগরের বাকলিয়া চরচাক্তাই সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় মাঠে আবাসিক প্লট তৈরির সিদ্ধান্ত বাতিল এবং মাঠ সংরক্ষণের দাবিতে ৬ মার্চ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে এলাকাবাসী। এ ছাড়া ছাত্র ইউনিয়ন আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জাবেদুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, আবাসিক প্লট তৈরির বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে ‘চরচাক্তাই সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় খেলার মাঠ ও কলেজভূমি রক্ষা কমিটি’ বাকলিয়ায় নানা কর্মসূচি পালন করছে।কমিটির সদস্যরা গতকাল বুধবার রাতে পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি ৬ মার্চের মানববন্ধন সফল করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার কার্যক্রমও শুরু করেন।