চট্টগ্রামে মানব পাচারকারী দলের তিনজনগ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নগরের মোগলটুলী এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।

গতকাল শনিবার ভোরে একটি আবাসিক হোটেলে র‌্যাব এ অভিযান চালায়। এ সময় দুজনকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন নোয়াখালীর আবুল খায়ের এবং ফেনীর কামরুল ইসলাম ও নুরুল ইসলাম। প্রতারণার মাধ্যমে তাঁরা বিদেশে লোকজন পাঠিয়ে আসছেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে ১৪টি পাসপোর্ট, বিমানের টিকিট ও নগদ প্রায় আড়াই লাখ টাকা জব্দ করা হয়।

একই সময় র‌্যাব মাসুম বিল্লাহ ও শাহ পরান নামের দুই যুবককে উদ্ধার করে। তাঁদের বাড়ি কুমিল্লার দক্ষিণ সদর গ্রামে বলে জানা গেছে। দুবাই পাঠানোর জন্য তাঁদের মোগলটুলী এলাকার একটি আবাসিক হোটেলে এনে রাখা হয়।

র‌্যাব-৭-এর অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে অভিযান চালিয়ে মানব পাচারকারী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাসপোর্ট, টিকিট ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।