চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটায় বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি ৪১৩ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা দিয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন হজযাত্রীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এর আগে হজ ফ্লাইটটি ঢাকা থেকে মন্ত্রীকে নিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন, বাংলাদেশ বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দিক আহমেদ প্রমুখ।
বিমানমন্ত্রী রাশেদ খান মেনন হাজিদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের হজ ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হবে। মন্ত্রী জানান, সৌদি আরব ও বাংলাদেশ বিমানের মাধ্যমে এ পর্যন্ত ২০ হাজার ৫৯৬ জন হযযাত্রী পরিবহন করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস চট্টগ্রামের স্টেশন ম্যানেজার মো. হেদায়েত বলেন, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম থেকে বিমানের আরও আটটি ফ্লাইট হজযাত্রী পরিবহন করবে।