চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির আহসান উল্লাহকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের সরকারি কৌঁসুলি আবিদ হোসেন জানান, নগরের কোতোয়ালি থানার একটি নাশকতার মামলায় আহসান উল্লাহকে জিজ্ঞাসাবাদ করতে গত রোববার ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এ বিষয়ে গতকাল শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৮ ফেব্রুয়ারি রাতে টাইগারপাস এলাকায় রাইডারে পেট্রলবোমা ছুড়ে মারার ঘটনায় চার যাত্রী দগ্ধ হয়। এ ঘটনায় করা মামলায় আহসান উল্লাহকেও আসামি করে পুলিশ। গত শনিবার গভীর রাতে হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।