চট্টগ্রাম স্টেশনে টিকিটের জন্য ভিড় বেড়েছে

সৌরভ দাশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে চট্টগ্রাম স্টেশনে ভিড় আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ রোববার স্টেশনের কাউন্টারগুলোর সামনে সারিতে দাঁড়িয়েছিলেন টিকিটের জন্য আগ্রহীরা। তবে টিকিট পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

গতকাল শনিবার দেশের অন্যান্য স্টেশনের মতো চট্টগ্রামেও ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। তবে প্রথম দিন প্রায় ফাঁকা ছিল স্টেশন। এদিন আগামী বুধবারের টিকিট বিক্রি করা হয়। অনলাইন ও কাউন্টারে প্রথম দিনে বরাদ্দের মাত্র ৫৭ শতাংশ টিকিট বিক্রি করা হয়। আজ রোববার বিক্রি হচ্ছে ২৮ এপ্রিলের ট্রেনের টিকিট।

শনিবার সকালে কাউন্টার থেকে ঢাকাগামী সোনার বাংলার টিকিট নেন আরাফাত হোসেন। তিনি বলেন, ঈদের ছুটিতে বাড়িতে যাবেন। ট্রেনের টিকিট পেতে যে ধরনের ঝক্কি-ঝামেলার আশঙ্কা করেছিলেন, তা পেতে হয়নি।

এবার জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট সংগ্রহ করতে হচ্ছে। একজনকে সর্বোচ্চ চারটি টিকিট দেওয়া হয়। এ জন্য অবশ্য অন্যদের জাতীয় পরিচয়পত্র দেখাতে হয়েছে।

ঈদ উপলক্ষে এর আগে বিভিন্ন সময় টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া গেছে। এ জন্যই এবার জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি দেখানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে।

চট্টগ্রাম রেলস্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ঈদের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে স্টেশনের কাউন্টারে ভিড় কিছুটা বেড়েছে। তবে তা তেমন উল্লেখযোগ্য নয়। কাল-পরশু ভিড় হবে।