চাঁদপুরের ৪০ গ্রামে আজ মঙ্গলবার ঈদুল আজহা উদ্যাপন করা হবে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সময়ের সঙ্গে মিল রেখে এসব গ্রামে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে।
জানা গেছে, হাজীগঞ্জের সাদ্রা গ্রামের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) ১৯৩১ সাল থেকে এই নিয়ম চালু করেন। সেই থেকে ওই গ্রাম ও এর আশপাশের ৩৯টি গ্রামের লোকজন এভাবে ঈদ পালন করছে। পীর সাহেবের বড় ছেলে মাওলানা আবু জুফার বলেন, ‘মঙ্গলবার সাদ্রাসহ প্রায় ৪০টি গ্রামে আমরা ঈদুল আজহার নামাজ আদায় ও কোরবানি করব।’
হাজীগঞ্জের সাদ্রা, বলাখাল, রামপুর, অলিপুর, রামচন্দ্রপুর; ফরিদগঞ্জের বাশারা, শোল্লা, চৌরাঙ্গা, গড়িয়ানা, মুন্সীরহাট, কাইতাড়া, নূরপুর, মূলপাড়া, বদরপুর, প্রতাপপুর, উভারামপুর, সাচনমেঘ; মতলবের পাঁচানি, সাড়ে পাঁচানি ও এখলাসপুর এবং কচুয়া ও শাহরাস্তির কয়েকটিসহ ৪০টি গ্রামে আজ ঈদ উদ্যাপন করা হবে।