পাঁচ থেকে সাত লাখ টাকা নিয়ে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার ঢাকার আশুলিয়ার বাইপাইল ও উত্তরার আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুরের জিন্নাত আলী বিশ্বাস (৬০), কিশোরগঞ্জের কুলিয়ারচরের হাসান খন্দকার (৪৪) ও খুলনার খালিশপুরের তরিকুল ইসলাম (৪০)।
র্যাব বলেছে, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের অধীন ওয়ার্ডবয় ও মালি পদে এবং সশস্ত্র বাহিনীতে অফিস সহকারী ও অপারেটরসহ বিভিন্ন পদে চাকরির প্রলোভন দেখায় এই চক্র। পরে চাকরির জন্য বিভিন্নজনের কাছ থেকে পাঁচ থেকে সাত লাখ টাকা করে নেয়।