কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনা মূল্যে রোপা আমনের চারা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার কৃষি বিভাগের আওতায় ৫০ জন কৃষকের মাঝে বিআর-২৩ চারা বিতরণ করা হয়। এ সময় দাঁতভাঙ্গা ইউপির চেয়ারম্যান শামসুজ্জামান উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল হক বলেন, বন্যার পরপরই কৃষি অধিদপ্তরের উদ্যোগে প্রায় দেড় একর জমিতে নাবি জাতের বিআর-২৩ বীজতলা তৈরি করা হয়। এখানে উৎপন্ন এই চারা দিয়ে প্রায় ২২ একর জমিনে রোপা আমন চাষ করা যাবে। বন্যার ক্ষতি পুষিয়ে কৃষক যাতে ঘুরে দাঁড়াতে পারেন সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।