বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) কর্তৃক মুক্তায়িত নতুন তিনটি জাতের আম সম্পর্কে বিস্তারিত তথ্য গত বৃহস্পতিবার চাষিদের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা ইনস্টিটিউটের (আম গবেষণাকেন্দ্র) বিজ্ঞানীরা। এ তিনটি জাতকে বারি আম-৬, বারি আম-৭ ও বারি আম-৮ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।চাঁপাইনবাবগঞ্জের আম গবেষণাকেন্দ্রের বাগানে এ তিনটি জাতের আম দেখিয়ে বিজ্ঞানীরা জানান, বারি আম-৬-এর গড় ওজন ২৮০ গ্রাম। ১২ বছরের একটি গাছে ১৭০ কেজি আম উৎপাদন হতে পারে। এটি মধ্য ও নাবি জাতের আম। জুনের শেষ সপ্তাহের দিকে পাকে এ আম। আমের ভক্ষণযোগ্য অংশ ৭২ ভাগ।বারি আম-৭ জাতের আমের গড় ওজন ২৯০ গ্রাম। এটিও মধ্য ও নাবি জাতের আম। জুলাইয়ের মাঝামাঝি পাকে এটি। আট বছরের একটি গাছে ১৬০ কেজি ফলন হতে পারে। এর ভক্ষণযোগ্য অংশ ৭৭ ভাগ। পাকার পর এর সংরক্ষণ ক্ষমতা ৯ থেকে ১৩ দিন। বারি আম-৮ প্রতিবছর ফলন দেয়। ওজন ২৭০ গ্রাম। এটিও মধ্য ও নাবি জাতের আম। আট বছরের একটি গাছে ১২৯ থেকে ১৬০ কেজি ফলন হতে পারে। এর ভক্ষণযোগ্য অংশ ৭৩ ভাগ। পাকার পর এর সংরক্ষণ ক্ষমতা হচ্ছে পাঁচ-নয় দিন। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, এর আঁটি থেকে চারা উৎপাদিক হতে পারে।বাণিজ্যিক ভিত্তিতে এ তিন জাতের আম চাষ করে চাষিরা অধিক লাভবান হতে পারেন বলে জানান বিজ্ঞানীরা। আগামী বছর থেকে আম গবেষণাকেন্দ্র নতুন এ তিনটি জাতের চারা চাষিদের মধ্যে বিতরণ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) মুখলেসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক শাহজাহান আলী চৌধুরী ও আম গবেষণাকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আম গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম।