চিকিৎসকদের অস্বীকৃত ডিগ্রি ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। গতকাল শনিবার বিএমডিসির কাউন্সিল সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। যোগাযোগ করা হলে বিএমডিসির সভাপতি অধ্যাপক আবু সফি আহমেদ আমিন প্রথম আলোকে বলেন, ১৯ জুন এ বিষয়ে শৃঙ্খলা উপ-কমিটির বিশেষ সভা ডাকা হয়েছে। এ বিষয়ে কীভাবে অগ্রসর হওয়া যাবে, তা নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি হবে শৃঙ্খলা উপ-কমিটির ওই সভায়।