
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তপন বিশ্বাস (৪২) নামের একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
নিহত তপন বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার জুববাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী।
তপনের ব্যবসায়িক বন্ধু চুয়াডাঙ্গার দর্শনার সুমন আহমেদ বলেন, গতকাল বিকেলে তপন দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ঢোকেন। রাতে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে কেরু অ্যান্ড কেরু কোম্পানির আখবোঝাই ট্রলির চাপায় আহত হন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক আবু ওয়াহেদ মো. রাজু তাঁকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তাৎক্ষণিক জেলা পুলিশের বিশেষ শাখায় জানানো হয়েছে।
পুলিশ সুপার (এসপি) মো. জাহিদুল ইসলাম বলেন, ভারতীয় হাইকমিশনের মাধ্যমে তপন বিশ্বাসের মরদেহ ভারতে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।