চুয়াডাঙ্গায় দুই সহোদরকে হত্যার দায়ে দুই চরমপন্থী নেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক মনজুরুল হক খান গতকাল রোববার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আলমডাঙ্গা অঞ্চলের নেতা উপজেলার বামানগর গ্রামের জহুরুল ইসলাম ও আবদুল গনি। তাঁরা দুজনেই পলাতক। এ মামলায় অভিযোগপত্রভুক্ত অপর আট আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।