চোখে জল, বোন সু চিকে আহ্বান

কুতুপালংয়ে রোহিঙ্গা নারীদের কাহিনি শোনার পর প্রতিক্রিয়া জানাচ্ছেন শান্তিতে দুই নোবেলজয়ী ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও উত্তর আয়ারল্যান্ডের ম্যারেইড ম্যাগুয়ার। ছবি: প্রথম আলো
কুতুপালংয়ে রোহিঙ্গা নারীদের কাহিনি শোনার পর প্রতিক্রিয়া জানাচ্ছেন শান্তিতে দুই নোবেলজয়ী ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও উত্তর আয়ারল্যান্ডের ম্যারেইড ম্যাগুয়ার।  ছবি: প্রথম আলো

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে গতকাল রোববার যখন শান্তিতে নোবেল বিজয়ী দুই নারী বেরিয়ে এলেন, তখন তাঁদের চোখে জল। তাঁরা বললেন, এই শতাব্দীতে দাঁড়িয়ে মিয়ানমারে যে ধরনের গণহত্যা, জাতিগত নিধন, গণধর্ষণ, শিশু হত্যা ঘটেছে, তা কেউ মেনে নিতে পারে না। অং সান সু চি যদি এক্ষুনি উপযুক্ত ব্যবস্থা না নেন, তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।

নোবেল উইমেনস ইনিশিয়েটিভের উদ্যোগে গতকাল রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন ১৯৭৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী উত্তর আয়ারল্যান্ডের ম্যারেইড ম্যাগুয়ার ও ২০১১ সালে শান্তিতে নোবেল বিজয়ী সাংবাদিক, রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী ইয়েমেনের তাওয়াক্কল কারমান। আজ সোমবার তাঁদের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে ইরানের শিরিন এবাদির। শান্তি, ন্যায়বিচার ও সমতা অর্জনের লক্ষ্যে গঠিত এই উদ্যোগের একজন সদস্য মিয়ানমারের অং সান সু চিও। সেই প্রেক্ষাপটেই নোবেল বিজয়ী দুই নারী অং সান সু চিকে বোন বলে সম্বোধন করেন। এত দিন তাঁরা রোহিঙ্গাদের ওপর নির্যাতনের খবর শুনে এসেছেন, গতকালই নির্যাতনের শিকার নারীদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতার কথা শোনেন। সব দেখেশুনে তাঁরা বলেন, অং সান সু চি উপযুক্ত পদক্ষেপ নিতে না পারলে তাঁর উচিত রাষ্ট্রক্ষমতা থেকে সরে দাঁড়ানো। নোবেল বিজয়ী দুই নারীর সঙ্গে নির্যাতনের শিকার নারীদের কথা হয় কুতুপালংয়ের মধুছড়া এলাকার একটি ঘরে। প্রথমে ওই শিবিরের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাঁরা কথা বলেন। পরে নির্যাতনের শিকার রোহিঙ্গা নারীরা প্রায় দেড় ঘণ্টা ধরে তাঁদের ওপর শারীরিক নির্যাতনের বিবরণ দেন। বাইরে অপেক্ষমাণ সাংবাদিকেরা তাঁদের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে প্রথমে উত্তর আয়ারল্যান্ডের ম্যারেইড ম্যাগুয়ার বলেন, পরিকল্পিতভাবে মিয়ানমার সেনাবাহিনী গণহত্যা ও জাতিগত নিধন চালিয়েছে। তারা শিশুদের হত্যা করেছে, গণধর্ষণ করেছে। পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। অং সান সু চির উদ্দেশে তিনি বলেন, ‘বোন, আপনাকে এক্ষুনি এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে হবে। আর চুপ থাকা চলবে না।’ এরপর কথা বলেন ইয়েমেনের তাওয়াক্কল কারমান। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর এই নির্যাতন এটাই প্রথম নয়, দশকের পর দশক ধরে এই নির্যাতন চলে আসছে। এই শতাব্দীতে দাঁড়িয়ে এ ধরনের গণহত্যা, এ ধরনের জাতিগত নিধন, এ ধরনের গণধর্ষণ, এ ধরনের শিশু হত্যা কেউ মেনে নিতে পারে না। তাওয়াক্কল কারমান আরও বলেন, ‘এক্ষুনি উপযুক্ত পদক্ষেপ নিন। যদি উপযুক্ত পদক্ষেপ না নেন, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে গণহত্যা, গণধর্ষনের যে বিচার হবে তাতেও আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে।’

কুতুপালং শরণার্থী শিবির থেকে বেরিয়ে নোবেল বিজয়ী দুই নারী কক্সবাজার শহরে ফিরে আসেন। নারীদের নিয়ে কাজ করছে এমন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সেখানে তাঁদের কথা হয়। নোবেল বিজয়ী নারীরা বাংলাদেশে থাকবেন ১ মার্চ তারিখ পর্যন্ত। ২৮ ফেব্রুয়ারি ঢাকায় তাঁরা তাঁদের অভিজ্ঞতার কথা জানাবেন। তাঁদের এই সফরে সহযোগিতা করছে নারীপক্ষ। নোবেল উইমেনস ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক লিজ বার্নস্টেইন ও নারীপক্ষের নির্বাহী সদস্য শিরিন হক সফররত নোবেল বিজয়ী নারীদের সঙ্গে রয়েছেন।