পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ছয়টি বিদ্যালয় কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র গতকাল শুক্রবার হস্তান্তর করা হয়েছে। জেদ্দাভিত্তিক ইসলামি ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) অধীনে সেবা প্রতিষ্ঠান ফায়েল খায়ের কর্মসূচির আওতায় পাঁচটি মাধ্যমিক ও একটি প্রাথমিক বিদ্যালয় কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আইডিবির কর্মসূচি সমন্বয়কারী এম এইচ সালেম বিদ্যালয়গুলোর চাবি হস্তান্তর করেন। এ সময় মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব, প্রকৌশলী সুফী মোস্তাক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফায়জুল ইসলাম উপস্থিত ছিলেন।
সিডর-পরবর্তী সৌদি আরবের এক অজ্ঞাত দানবীর বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেন। ওই সহায়তার অর্থে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত উপজেলার ছয়টি প্রাথমিক বিদ্যালয় ভবনের দ্বিতল অবকাঠামো নির্মাণ করা হয়। এ ছয়টি অবকাঠামো নির্মাণে প্রায় ৩০ কোটি টাকা অর্থ ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বাস্তবায়ন করে।