জাতীয় বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কর্তৃত্ব বাতিল করে উপজেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার প্রকৃচি, বিসিএস ২৬ ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটির এ কর্মসূচি আয়োজন করে।
দফাগুলো হচ্ছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল, বেতন-ভাতা দিতে ইউএনওর স্বাক্ষর বাতিল, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, আন্তক্যাডার-বৈষম্য নিরসন, পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ ও উপজেলা থেকে সর্বোচ্চ কর্মকর্তাদের সমপদমর্যাদা নিশ্চিত করা।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
কুমিল্লা: দুপুর সাড়ে ১২টার দিকে নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন হয়। এতে জেলার বিভিন্ন সরকারি কলেজ, হাসপাতাল, মেডিকেল কলেজ ও সরকারি প্রকৌশলীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন কুমিল্লা জেলা সিভিল সার্জন মো. মুজিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সুনামগঞ্জ: জেলা শহরের আলফাত স্কয়ার এলাকায় দুপুর ১২টার দিকে মানববন্ধন হয়। এতে বক্তারা বলেন, একই দাবিতে আগামী ৫ নভেম্বর জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিবাদ সমাবেশ হবে।
নেত্রকোনা: দুপুর ১২টার দিকে নেত্রকোনা শহরের ছোট বাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন হয়েছে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সিভিল সার্জন বিজন কান্তি সরকার, সওজের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান প্রমুখ।
চাঁদপুর: শহরের মুক্তিযোদ্ধা সড়কে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন হয়। এতে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ এস এম দেলওয়ার হোসেন সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, একটি কুচক্রী মহলের বিরুদ্ধে।
কিশোরগঞ্জ: দুপুরে জেলা সদর হাসপাতালে সামনে মানববন্ধন হয়। এতে বিএমএ জেলা শাখার সভাপতি মাহবুব ইকবাল ও সাধারণ সম্পাদক নৌশাদ খানের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেন।
সিলেট: বেলা ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে প্রথম দফা মানববন্ধন হয়। পরে দুপুর ১২টার দিকে দ্বিতীয় দফায় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে প্রতিবাদ সমাবেশ হয়।