জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৭০ জন দুস্থ নারীকে অবশেষে ভিজিডির চাল দেওয়া হয়েছে। ছয় মাস পর গতকাল রোববার অতিরিক্ত পুলিশ পাহারায় ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁদের ওই চাল দেওয়া হয়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় ও ওই ইউপি কার্যালয় থেকে জানা গেছে, ভাটারা ইউপির চেয়ারম্যান জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান ও ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ কারণে ইউপির চেয়ারম্যান হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় ছয় মাস ধরে ১৭০ জন দুস্থ নারীর মধ্যে চাল বিতরণ বন্ধ ছিল। এ নিয়ে গত ১১ জুন প্রথম আলোতে ‘আ.লীগ-বিএনপির দ্বন্দ্ব, দুর্ভোগে দুস্থ নারীরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।