ফেনীর ছাগলনাইয়া পৌর সদরে করোনার উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর (৬০) মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার আগেই আজ শনিবার বিকেলে নিজ বাড়িতে তিনি মারা যান।
ওই ব্যক্তির গত ৩০ মে থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। ৩ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পর করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু নমুনার ফলাফল আসার আগেই বাড়িতে আইসোলেশনে থেকে তিনি মারা যান। প্রশাসনের উদ্যোগে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, নমুনা জমা দেওয়ার দিন চিকিৎসকেরা ওই ব্যক্তিকে ফেনীতে গিয়ে ভর্তি হতে অনুরোধ করেছিলেন । তাঁর সব উপসর্গ ছিল করোনার। কিন্তু তিনি হাসপাতালে ভর্তি হতে রাজি হননি।