ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের বর্ধিত সভাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন ছুরিকাহতসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা শহরের বত্রিশ এলাকায় এ সংঘর্ষ হয়। দুপুরে স্থানীয় একটি হোটেলের হলরুমে ছাত্রদলের পূূর্বনির্ধারিত বর্ধিত সভা চলছিল। এতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি উমর ফারুক ও জাবেদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, ইশতিয়াক আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। একপর্যায়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক তারিকুজ্জামান ও জেলা কমিটির সাধারণ সম্পাদকপ্রত্যাশী সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ নাসিমুল হকের কর্মী-সমর্থকেরা পরস্পরবিরোধী স্লোগান দিতে দিতে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের ওই ২০ জন আহত হন।