পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন আজ রোববার।
আজ সকাল সাড়ে নয়টার দিকে ঝিনাইদহের শৈলকুপা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে গাড়াগঞ্জে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে ধর্মঘটকারীরা। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়। তবে কেউ আহত হয়নি। পরে গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এদিকে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে পর্যাপ্ত বাস না যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুক জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যে দাবিগুলো করা হয়েছে, তা পূরণ করা না হলে আগামীকাল সোমবার থেকে লাগাতার ধর্মঘট দেওয়ার চিন্তা-ভাবনা আছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে বসার চেষ্টা চলছে। দ্রুতই সমস্যার সমাধান হবে।’
গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের মুক্তিসহ পাঁচ দফা দাবিতে গতকাল শনিবার ও আজ রোববার ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।