শের-ই-বাংলা মেডিকেল

ছাত্রলীগের কমিটি নিয়ে উত্তেজনায় কলেজ বন্ধ ঘোষণা, পরে প্রত্যাহার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গতকাল বুধবার মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে স্থানীয় সাংসদ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে ঘোষণা প্রত্যাহার করে নেওয়া হয়।
মেডিকেল কলেজের অধ্যক্ষ ভাস্কর সাহা প্রথম আলোকে বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নিলে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে একাডেমিক কাউন্সিলের সদস্যদের সঙ্গে আলোচনা করে বেলা দুইটার দিকে কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে সাংসদ এবং পুলিশ প্রশাসনের আশ্বাসে তা প্রত্যাহার করা হয়েছে। শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগ না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
কলেজের শিক্ষার্থীরা জানান, বরিশাল মহানগর ছাত্রলীগ ১৯ অক্টোবর ইমরান হোসেনকে সভাপতি ও মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগ কমিটি ঘোষণা করে।