ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ তরুণের বিরুদ্ধে

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর পথ রোধ করে খালিক মিয়া (২৩) নামের এক বখাটে টানাহেঁচড়া ও লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীটির বিদ্যালয় কর্তৃপক্ষ কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছে। গত রোববার সকাল ১০টায় শমশেরনগর-কমলগঞ্জ সড়কের আলীনগর ইউনিয়নের জালালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের ওই মেয়েটি নিজ বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে খালিক মিয়া তার পথ রোধ করেন। এ সময় তিনি ছাত্রীটিকে টানাহেঁচড়া করে লাঞ্ছিত করেন। খালিক মিয়া ইউনিয়নের মথুরাপুর গ্রামের আকবর মিয়ার ছেলে। এ সময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে বখাটে যুবক পালিয়ে যান।

ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।