রাজধানীর ছিন্নমূল মানুষ ও বস্তিবাসীদের উন্নত বাসস্থান নিশ্চিত করতে সরকার মিরপুরে দুই হাজার ফ্ল্যাট নির্মাণ করছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
গতকাল বুধবার মহাখালীর ব্র্যাক সেন্টারে আরবান ফোরাম আয়োজিত ‘নগর দরিদ্রদের জন্য আবাসন: সমস্যা, সম্ভাবনা এবং নীতি করণীয়’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, মিরপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য দুই হাজার ফ্ল্যাট নির্মাণ করছে। ৪৫০ বর্গফুটের এসব ফ্ল্যাট বস্তিবাসীদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে। প্রতিদিন ২৭৫ টাকা হারে ভাড়া দিয়ে বরাদ্দপ্রাপ্ত বস্তিবাসী ২০ বছরের মধ্যে ফ্ল্যাটের মালিক হবেন।
এ ছাড়া একই এলাকায় মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের জন্য আরও ৪০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, বস্তিতে বসবাসকারীরা ধনী ব্যক্তিদের জীবনযাত্রার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। পরিচ্ছন্ন আবাসিক এলাকায় বিত্তশালী ব্যক্তিরা বসবাস করলে তাঁদের সহযোগিতা প্রদানকারীরা কোথায় থাকবেন, সে বিষয়ে চিন্তার অবকাশ রয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন টেমেসিস এবং আরবান ফোরামের উপদেষ্টা আবু আলম মো. সহিদ খান।
অনুষ্ঠানে দরিদ্র জনগোষ্ঠীর আবাসন বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক শহিদুল আমীন।