১৬ ডিসেম্বর, শুক্রবার
বিজয় অনুষ্ঠান
সকাল ১০টায় পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে বিজয় দিবসের ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এতে অংশ নেবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত শহরব্যাপী বিজয় উৎসব। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় শোভাযাত্রা। বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চ, রবীন্দ্রসরোবর কবি রফিক আজাদ মঞ্চ, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ মঞ্চ, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ দনিয়া মঞ্চ, মিরপুরের খন্দকার নূরুল আলম মঞ্চে একক ও দলীয় আবৃত্তি, একক ও দলীয় সংগীত, দলীয় নৃত্য, পথনাটক ও শিশুসংগঠনের পরিবেশনা।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছায়ানটের যৌথ উদ্যোগে বিজয় দিবস উদ্যাপন ২০১৬। নৃত্যগীত, গান ও নৃত্য আবৃত্তি পরিবেশনা। বেলা ৩টা ৪০ মিনিটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে।
শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা, আবৃত্তি, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীত পরিবেশনা। সন্ধ্যা ছয়টায়, একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে।
সকাল সাড়ে নয়টায় শিশু একাডেমী থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত আনন্দ শোভাযাত্রা, বেলা একটায় শিশুদের অংশগ্রহণে দেশের গান, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বেলা তিনটায় একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে সকাল ১০টায় শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। একই স্থানে সন্ধ্যা ছয়টায় সংযাত্রা পরিবেশন করবে মহাদেব সংযাত্রা দল। বিকেল চারটায় মিরপুরের জল্লাদখানা স্মৃতিপীঠে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডি সাইক্লিস্টস বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় রাইড’-এর আয়োজন করেছে। সকাল আটটায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা করবে সাইকেলচালকদের দল। আয়োজকদের পক্ষ থেকে সবাইকে পতাকার রঙের পোশাক পরে এবং একটি করে জাতীয় পতাকা সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে।
চলচ্চিত্র
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। বেলা ১১টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শিত হবে মেঘমল্লার। বেলা দুইটায় আগুনের পরশমণি চলচ্চিত্র দেখানো হবে।
মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায়, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান ও সফিউদ্দিন আহমেদ—এই চার প্রয়াত মাস্টার পেইন্টারের ৮৯টি শিল্পকর্মের প্রদর্শনী। নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারি, জাতীয় জাদুঘরে। চলবে শনি থেকে বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ৪টা, শুক্রবার বেলা ৩টা থেকে সাড়ে ৭টা। বৃহস্পতিবার বন্ধ। ২১ ডিসেম্বর প্রদর্শনী শেষ।
মাসব্যাপী ১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। এতে ৫৫টি দেশের ৩২৯ জন শিল্পীর ৪৮৫টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমিতে।
‘কসমস আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনী ২০১৬’। বাংলাদেশ, কানাডা, নেপাল, পাকিস্তান, ভারতের ২৮ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে মাসব্যাপী প্রদর্শনী। ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। গ্যালারি কসমস, ভিলা দো আঞ্জুমান, বাড়ি ১১৫, লেন ৬, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকায়।
ওয়াকিলুর রহমানের ১৮ দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী ‘ডিপ প্রিন্ট’। মোট ৩৮টি ছাপচিত্র প্রদর্শিত হবে। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। আজ প্রদর্শনীর শেষ দিন। গ্যালারি ২১, তাজ লিলি গার্ডেন (১১ তলা), ৭৫১, সাতমসজিদ রোড, ধানমন্ডিতে।
১৭ ডিসেম্বর, শনিবার
চলচ্চিত্র
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে শ্যামলছায়া প্রদর্শিত হবে।
লোক নাট্যদলের প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক বৈকুণ্ঠের খাতা মঞ্চস্থ হবে। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে, সন্ধ্যা সাতটায়।
আবৃত্তি
মুক্তধারা সংস্কৃতিচর্চা কেন্দ্রের আয়োজনে আবৃত্তি প্রযোজনা ‘প্রেরণার তারুণ্য: স্বপ্ন-শক্তি-ভালবাসায়’, সন্ধ্যা সাড়ে ছয়টায়, গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে।
শিশু একাডেমীর আয়োজনে বিজয় দিবস উপলক্ষে বেলা সাড়ে তিনটায় শিশু একাডেমীর প্রশিক্ষণার্থীদের ছড়া আবৃত্তি ও আমন্ত্রিত ছড়াকারদের স্বরচিত ছড়াপাঠ।
প্রদর্শনী
আলোকচিত্রী আনোয়ার এনাম ও বাপন রহমানের ৪১টি মেকআপভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন বেলা সাড়ে তিনটায়। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী ১৮ ডিসেম্বর শেষ হবে। এজ গ্যালারি, বেইস এজওয়াটার, ১২, নর্থ অ্যাভিনিউ, গুলশান ২ নম্বরে।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী বিষাণ ভক্ত, গোলাম মশিউর রহমান চৌধুরী, আল-আখির সরকার, আজমল উদ্দিন এবং সাদেক আহমেদের চিত্রকর্ম প্রদর্শনী ‘জলজ-২’। ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে। গ্যালারি জুমে আলোকচিত্রী ফজিত শেখ বাবুর পঞ্চম একক আলোকচিত্র প্রদর্শনী ‘বাঁচাও নদী বুড়িগঙ্গা’। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই দুই প্রদর্শনী খোলা থাকবে। রোববার বন্ধ।
গ্রন্থনা: আহমেদ দীপ্ত