সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সৈয়দপুর বাজারে শারজান আলীর পানের দোকানে গতকাল সকালে গোয়ালগাঁও গ্রামের আনহার আলী একটি ম্যাচ (দেশলাই) কিনতে যান। দোকানদার ম্যাচ দিতে দেরি করায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় দোকানে থাকা গোয়ালগাঁও গ্রামের আবদুল আলীর সঙ্গেও এ নিয়ে আনহার আলীর কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে আবদুল আলী ও আনহার আলী গ্রামে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। এর মধ্যে আবদুল আলী (৩০) ও হোসেন আলীকে (৩৫) গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়েছি। এখনো কেউ মামলা দায়ের করেনি।’