জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর গ্রামে গতকাল সোমবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘দ্বিতীয় ক্যাম্পাস’ উদ্বোধন করা হয়েছে। ওই ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি আবাসিক হল ও একাডেমিক ভবন নির্মাণ করা হবে।
নতুন এই ক্যাম্পাসের উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে (৩৪৯.৫ শতাংশ) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের’ নামে একটি ছাত্র হল ও একটি একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া স্বেচ্ছায় কেউ ১০ বিঘা জায়গা প্রদান করলে জমির মালিকের নামে হলের নামকরণ করা হবে। তাই কেরানীগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।