
সার্ভার থেকে বিপুলসংখ্যক জন্ম–মৃত্যুর নিবন্ধনের তথ্য ‘গায়েবের’ বিষয়ে তদন্ত করে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকারসচিব এবং জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেলসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
‘জন্মসনদ: বাংলাদেশে কয়েক কোটি মানুষের জন্মনিবন্ধন তথ্য সার্ভারেই নেই’ এবং ‘সাত কোটি জন্মসনদ নীরবে বাতিল’ ও ‘জন্মনিবন্ধন সনদ নিয়ে চরম ভোগান্তিতে নাগরিকেরা’ শিরোনামে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে গত এপ্রিলে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে তানভীর আহমেদ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
পরে আইনজীবী তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, সাত কোটি মানুষের জন্মনিবন্ধনের তথ্য গায়েব হয়ে গেছে। অথচ জন্ম–মৃত্যুনিবন্ধন বিধিমালার ১৯ বিধি অনুযায়ী নাগরিকদের জন্ম–মৃত্যুর তথ্য সংরক্ষণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা চ্যালেঞ্জ করে রিটটি করা হলে আদালত ওই আদেশ দেন।
রুলে জন্ম-মৃত্যুনিবন্ধন সনদের ক্ষেত্রে জনগণ যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। জন্ম–মৃত্যুনিবন্ধনের বিপুলসংখ্যক তথ্য সংশ্লিষ্ট সার্ভার থেকে ‘গায়েবের’ বিষয়টি তদন্তে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, সে বিষয়েও রুল হয়েছে।
এ ছাড়া ২০১৮ সালের জন্ম–মৃত্যুনিবন্ধন বিধিমালার ১৯ বিধি অনুযায়ী কেন্দ্রীয় ডেটাবেজের মাধ্যমে নাগরিকদের জন্ম–মৃত্যুর তথ্যের গোপনীয়তা, সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা–ও জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকারসচিব এবং জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেলসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।