জামালপুর সদর উপজেলার নরুন্দি দক্ষিণপাড়ায় শান্তা বেওয়া (৮১) নামের এক বৃদ্ধা খুন হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল রোববার ভোরে প্রতিপক্ষের টেঁটার আঘাতে তিনি মারা যান। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বিবরণ অনুযায়ী, নরুন্দি দক্ষিণপাড়া গ্রামের শান্তা বেওয়ার ছোট ভাই বিল্লাল মুন্সি ও প্রতিবেশী হযরত আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। গত শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে দুপক্ষই ধান কাটতে যায়। এ নিয়ে তাদের মধ্যে বাগিবতণ্ডা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। গতকাল ভোর চারটার দিকে বিল্লাল মুন্সির ঘরে হামলা চালায় হযরত আলীর লোকজন। এ সময় প্রতিপক্ষের ছোড়া টেঁটা বিদ্ধ হয় শান্তা বেওয়ার গলায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই হামলাকারীরা গা-ঢাকা দেয়। নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান গতকাল বিকেলে জানান, এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।