জমি নিয়ে সংঘর্ষ আ.লীগ নেতাসহ আহত ৯

দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে শহর আওয়ামী লীগের সভাপতি তৈয়ব উদ্দিন চৌধুরীসহ নয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবারের ওই সংঘর্ষে আহত ব্যক্তিদের দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দিনাজপুর কোতোয়ালি থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ৮০ শতক জমি নিয়ে এলাকার দ্বীপচান ও হরেন্দ্রনাথ নামের দুই কৃষকের সঙ্গে দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি তৈয়ব উদ্দিন চৌধুরীর বিরোধ চলছিল। এ ঘটনায় দায়ের করা মামলার রায় তৈয়ব উদ্দিন চৌধুরীর পক্ষে যায়। গত ২৪ আগস্ট তিনি আদালতের মাধ্যমে ওই জমির দখল বুঝে নেন। গতকাল সকালে তৈয়ব উদ্দিন চৌধুরী ১০-১২ জন শ্রমিক নিয়ে ওই জমিতে গেলে এলাকাবাসীর সঙ্গে তাঁদের বাগিবতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।