নাটোরের গুরুদাসপুর উপজেলার সোনাবাজুতে তুলসীগঙ্গা নদীর ওপর নির্মিত সেতুটি সংস্কার করা হয়েছে। সেতুর জরাজীর্ণ কাঠ বদলে নতুন কাঠের পাটাতন বসানো হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এ সংস্কারকাজ করা হয়েছে।
৫ ডিসেম্বর প্রথম আলোয় ‘মূল সেতুর কাজ বন্ধ, বিকল্প সেতু জরাজীর্ণ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ওই সেতু সংস্কারে উদ্যোগ নেয়।
সওজের নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জিকরুল ইসলাম গতকাল মুঠোফোনে জানান, বিশেষ ব্যবস্থায় কাঠ কিনে জরাজীর্ণ সেতুতে পাটাতন বসানো হয়েছে।