দুপচাঁচিয়ায় জুয়া খেলার দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই জুয়াড়ুকে জরিমানা করেছেন। তাঁরা হলেন উপজেলার পোড়াপাড়া গ্রামের ফেরদৌস (২৮) ও পুকুরগাছা গ্রামের মোস্তফা আলী (২৬)। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, গত শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চামরুল ইউনিয়নের পোড়াপাড়া গ্রামে তাস খেলার অভিযোগে ফেরদৌস ও মোস্তফাকে আটক আটক করে। রাতেই তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ইউএনও সাইফুর রহমান খান তাঁদের প্রত্যেককে ৬০০ টাকা করে জরিমানা করেন। পরে তাঁদের পরিবারের লোকজন জরিমানার টাকা পরিশোধ করলে রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি