পাবনার বেড়া পৌর শহরের বনলতা সুইটস নামে একটি খাবারের দোকানে গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। আদালতের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, বেড়া শহরের বনলতা সুইটসে সহকারী কমিশনার (ভূমি) এস এম ফেরদৌস ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। আদালত সেখানে অপরিচ্ছন্ন পরিবেশে পচা ও বাসি খাবারের অস্তিত্ব পান। এ ছাড়া খাবারের মূল্যতালিকা থাকার কথা থাকলেও সেখানে তা ছিল না। এসব কারণে আদালত দোকান কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।